ফেডারেশন কাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রথম ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালের পথ উজ্জ্বল করে রেখেছিল। গতকাল বসুন্ধরা কিংস ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আগামীকাল ‘এ’ গ্রুপের খেলা শেষ হলে।
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শেষে বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন মুখে যে কথাই বলুন না কেন। তার দলের লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সেটা করে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপের একমাত্র খেলায় কাল ম্যাচ জিতিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার রাউল অস্কার। কাল ম্যাচের ৪৯ মিনিটে গোল করেন তিনি। এই ফরোয়ার্ড প্রথম ম্যাচেও গোল করেছিলেন রহমতগঞ্জের বিপক্ষে।
কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী কাল বড় দল বসুন্ধরাকে ধরেই ফেলতেন কিন্তু ভাগ্য খারাপ তার দলের আক্রমণভাগের ব্রাজিলিয়ান ফুটবলার মাঠ ছেড়ে যাওয়ায় শক্তিটা একটু কমে যায়। গ্রুপ রানার্সআপ চট্টগ্রাম আবাহনী প্রথম ম্যাচে রহমতগঞ্জকে হারিয়েছিল ১-০ গোলে। সেই পয়েন্টের ওপর ভর করে কোয়ার্টার ফাইনালে যায় চট্টগ্রাম। রহমতগঞ্জ দুই ম্যাচ হেরে আগেই বিদায় নেয়।
আজকের খেলা :ব্রাদার্স ও উত্তর বারিধারা এবং সাইফ স্পোর্টিং ও আরামবাগ। ৩টা ১৫ এবং ৫টা ৪৫। বঙ্গবন্ধু স্টেডিয়াম।
