ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বাইডেন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১০:১২

যুক্তরাষ্ট্রের  নিরাপত্তা ব্যবস্থার ‘ভয়ানক ক্ষতি’ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার এক ভিডিও কনফারেন্সে এমন অভিযোগ করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

 ক্ষমতা হস্তান্তরের সময় বিদায়ী প্রেসিডেন্ট নব নির্বাচিত প্রেসিডেন্টকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করে থাকেন। সেই কাজটাই ট্রাম্প প্রশাসন ঠিকমতো করছে না বলে অভিযোগ বাইডেনের। এ নিয়ে ভিডিও কনফারেন্সে বাইডেন বলেছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের জানার দরকার সেগুলি আমরা পাচ্ছি না।  তিনি আরও বলেছেন,বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাপার নিয়ে আমাদের পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার। কোনও দ্বন্দ্ব থাকলে কর্মকর্তাদের উচিত তা বুঝিয়ে দেওয়া।

বাইডেনের এই অভিযোগের জবাবও দিয়েছেন পেন্টাগনের  ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার। তিনি বলেছেন,  পেশাদারিত্বের সঙ্গেই এই হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।  বাইডেনের হস্তান্তর দলের অনুরোধ মতো ৪০০-র বেশি অফিসারের সঙ্গে ১৬৪টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এবং ৫ হাজারেরও বেশি পাতার নথি তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জো বাইজেন। নভেম্বরের নির্বাচনে বাইডেনের কাছে হেরেছেন ট্রাম্প। কিন্তু তবুও হার শিকার করতে নারাজ তিনি। এ নিয়ে সমালোচনাও হয়েছে বিশ্বের বিভিন্ন মহলে।

ইত্তেফাক/এআর