নোয়াখালীতে নিখোঁজ কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:০৯

নিখোঁজ হওয়ার চারদিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী পৌরসভার সোনাপুর ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান শাখার ছাত্রী তামাসুন তানিয়া চমকের (২১) লাশ উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ। জেলা শহর মাইজদীর পৌর বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার পাশের একটি ডোবা থেকে চমকের লাশ উদ্ধার করা হয়েছে। সে শহরের পূর্ব জয় কৃষ্ণরামপুরের এনামুল হক হিমেলের মেয়ে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাপস নামের তার এক সহপাঠিকে আটক করেছে পুলিশ।

নিহতের মা সাজেদা আক্তার জানান, ঢাকায় স্বামীর কাছ থেকে গত রবিবার রাতে বাসায় আসেন তিনি। বাসায় তার বড় মেয়ে চমককে না দেখে তিনি ছোট মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারেন তাকে আনার জন্য সে ট্রেন স্টেশনে গিয়েছে। এর আগে চমককে তার এক সহপাঠি ফোন করেছে বলে জানায় ছোট মেয়ে। চমককে খুঁজে না পেয়ে তিনি ওই রাতে থানায় জিডি করেন এবং র্যাবকেও বিষয়টি জানান।