ফরিদগঞ্জে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সরব, নীরব বিএনপি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

উপজেলা পরষিদ নির্বাচন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ফরিদগঞ্জে রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। চলতি বছর ফেব্রুয়ারির শেষ নাগাদ অথবা মার্চের প্রথমদিকে অনুষ্ঠিত হতে পারে উপজেলা পরিষদ নির্বাচন। এদিকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। তবে বিএনপি রয়েছে নীরব। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাবেক এমপি মরহুম রাজা মিয়ার ছেলে ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, পৌর ছাত্রলীগ সভাপতি ও সমাজ সেবক হাজী কামরুল হাসান সাউদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক তোফায়েল আহম্মেদ, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাসেম কন্ট্রাকটর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা এবং জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন। এসব প্রার্থীরা নানাভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। এতে উপজেলার সর্বত্র উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

অপরদিকে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন ভিপি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান দুলাল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছ। তবে বিএনপি’র এই সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না।