এনায়েতপুরে ফিল্মি স্টাইলে দুই লক্ষাধিক টাকা ছিনতাই

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৪০

ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা অফিসের মাত্র পাঁচশ’ গজের মধ্যে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মির্জা ছানোয়ার হোসেন বাচ্চুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ২ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এনায়েতপুর হাটের ব্যবসায়ীরা জানান, এনায়েতপুর হাটের তাঁতের বিভিন্ন দ্রব্যাদি ও মুদিখানার পাইকারি ও খুচরা বিক্রেতা হাট বণিক সমিতির সভাপতি মির্জা ছানোয়ার হোসেন বাচ্চু শুক্রবার দিনভর হাটে বিক্রি শেষে রাত সাড়ে আটটার দিকে হাট সংলগ্ন বাড়িতে ফিরছিল। পূর্ব থেকেই বাড়ির পাশে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাত দল অসুস্থ বাচ্চুর সাথে থাকার ২ লাখ ২২ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তখন তিনি বাধা দিলে হাতে, পায়ে এবং পাঁজোরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে চিকিত্সা শেষে বাড়িতে নিয়ে আসে।

মির্জা ছানোয়ার হোসেন বাচ্চু জানান, ডাকাতদের অতর্কিত হামলার কারণে আমি ঠিকভাবে কাউকে না চিনলেও এলাকার চিহ্নিত সন্ত্রাসীরাই জড়িত। আমি দ্রুত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার পর দেশের বৃহত্ এই কাপড়ের হাটের হাজারো ব্যবসায়ীদের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। কিছুদিন কয়েক ব্যবসায়ীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। হাটের কাঠ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এবিএম শামীম হক জানান, এর আগে আমাকেও ফোনে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছিল। ওষুধের দোকানদার মাহমুদ হোসেনকে একইভাবে রাতে মারধর করে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছিল। এবার বণিক সমিতির সভাপতিকে কুপিয়ে টাকা ছিনতাই করা হয়েছে থানার মাত্র কয়েকশ’ গজ দূর থেকে। এভাবে চলতে থাকলে ব্যবসা করা যাবে না। তাই দ্রুত সন্ত্রাসীদের আটক করে কঠোর শাস্তি দিতে হবে। এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, এটা পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা। মামলার প্রস্তুতি চলছে। দোষীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।