সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা দাবি করেছে সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনটি সংবাদ সম্মেলন করে তাদের প্রার্থীর মনোনয়ন দাবি করেন।
সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক স্বপন প্রামাণিককে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তাদের সমর্থন জানান। সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা লিখিত বক্তব্য পড়েন।
এ সময় ছাত্রলীগ নেতা স্বপনকে সাঁথিয়ায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুকে অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে সাঁথিয়া পৌর ছাত্রলীগের সভাপতি রাশেদ খান আকাশ, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
