নেত্রকোনা প্রতিনিধি
মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ও নেত্রকোনা-২ আসনের এমপি আশরাফ আলী খান খসরু বলেছেন, নেত্রকোনাকে সন্ত্রাস, দুর্নীতি, জুয়া ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। তার জন্য সবার সহযোগিতা দরকার।
শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী করে গুরু দায়িত্ব দিয়েছেন। দোয়া করবেন আমি যেন প্রধানমন্ত্রীর দেওয়া মর্যাদা রক্ষা করতে পারি।
বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমীরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, শ্রম সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের সদস্য মাঈনুল হক কাসেম প্রমুখ।
