ঢাবি প্রক্টরিয়াল টিমের ওপর হামলা, নারীসহ আটক ৪

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০১:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন বহিরাগত কয়েকজন ব্যক্তি। গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। সংঘটিত এ হামলার ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। টিমের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

প্রক্টর বলেন, করোনার প্রকোপ কমাতে ক্যাম্পাস এলাকায় চলাচল সীমিত করতে দিনের বেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থাকা ভাসমান দোকানগুলো তুলে দেওয়া হয়। কিন্তু দোকানগুলো আবারও বসে। রাতে প্রক্টরিয়াল টিম ফের সেখানে যায় দোকানগুলো তুলে দেওয়ার জন্য। বহিরাগত কয়েকজন ব্যক্তিকে চলে যেতে বললেও তারা যাচ্ছিলেন না। তাদের কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না। একপর্যায়ে তারা টিমের সদস্যদের ওপর হামলা চালান৷ হামলায় টিম সদস্যদের কয়েকজন আহত হয়েছেন। হামলার দায়ে চারজনকে আটক করে থানায় দেওয়া হয়েছে, আরো একজনের খোঁজ চলছে।

আরো পড়ুন: অটল থাকলেন আড়ানীর দুই বিদ্রোহী প্রার্থী, বিফলে আওয়ামী লীগের বর্ধিত সভা

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, আটক চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসি