লিভারপুল, বায়ার্নের বছর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:৩১

দর্শকবিহীন মাঠে খেলার চেয়ে মাঠভর্তি দর্শকের দুয়ো শোনাও ভালো, কয়েক দিন আগে এই কথাই বলে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুর্ভাগ্যজনকভাবে করোনা মহামারির এই বছরে সিংহভাগ ফুটবল ম্যাচই দেখেছে দর্শকশূন্য স্টেডিয়াম। বিশ্ব দেখেছে ক্ষুদ্র এক ভাইরাসের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে দীর্ঘদিন ফুটবল বন্ধ থাকতে। তবে করোনাকে ছাপিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ উপলক্ষ্যের শিরোনাম হয়েছে ২০২০—

ফুটবল ঈশ্বরের বিদায়

সবকিছু ছাপিয়ে ফুটবল ভক্তরা হয়তো ২০২০ কে মনে রাখবে, ‘যে বছরটি ম্যারাডোনাকে কেড়ে নিয়েছিল’; এই তকমায়। এই অপয়া বছরেই ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে বিদায় নেন আর্জেন্টাইন ফুটবল সম্রাট ডিয়েগো ম্যারাডোনা। প্রায় একা আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো, ন্যাপোলিকে দুইবার লিগ শিরোপো জেতানো এবং আরো অসংখ্য ফুটবলীয় রূপকথার জন্মদাতা ম্যারাডোনা তার বুয়েন্স আয়ার্সের বাসায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ২৫ শে নভেম্বর। ম্যারাডোনার মৃত্যুকে নিয়ে পরবর্তী সময়ে জল ঘোলা যেমন হয়েছে, তেমনি বিশ্ব জুড়ে নানা কায়দায় এই কিংবদন্তিকে সম্মান জানানোও অব্যাহত আছে।

লিভারপুলের শাপ-মোচন

অবশেষে ৩০ বছরের অপেক্ষা ঘোচাল ইংলিশ দল লিভারপুল। এই অপয়া বছরে এসেই অধরা প্রিমিয়ার লিগ শিরোপাটির দেখা পেল য়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে এই অপেক্ষা ঘোচানোর উপলক্ষ্যটি অর্জন করেছে তারা রাজকীয়ভাবে। সবচেয়ে বেশি ব্যবধান (১৮ পয়েন্ট) রেখে লিগ শিরোপা জয়, দ্রুততম সময়ে (৭ ম্যাচ হাতে রেখে) লিগ নিশ্চিত করা ছাড়াও ২০১৯-২০ মৌসুমে আরো অনেক রেকর্ড ভেঙেছে লিভারপুল। ৩০ বছরের অপেক্ষা ঘোচার রাতে লকডাউন ভেঙে লিভারপুল সমর্থকদের উন্মাদ উদ্যাপনও নজর কেড়েছে ফুটবল বিশ্বের।

বায়ার্নের ট্রেবল, বর্ষসেরা লেভা

দানবীয় সব পারফরম্যান্সে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে হ্যান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখ। আর প্রতি বছরের ন্যায় নিয়মমাফিক লিগ কাপ এবং লিগ শিরোপাটাও নিশ্চিত করেছে। ২০২০-এ এসে তাই দ্বিতীয়বারের মতো ট্রেবল উদ্যাপন করল বাভারিয়ানরা। বছরটিকে আরো স্মরণীয় করে রাখতে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডভস্কি জিতলেন ফিফা বর্ষসেরা পুরস্কার। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ৫৫ গোল করা ৩২ বছর বয়স্ক এই পোলিস স্ট্রাইকার হয়েছেন উয়েফা বর্ষসেরাও।

মেসি-বার্সার সম্পর্কে অবনতি

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর বোর্ডের সাথে রেষারেষির জেড় ধরে আগস্টে হুট করে বার্সেলোনা ত্যাগের ঘোষণা দিয়ে বসেন লিওনেল মেসি। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউর সঙ্গে মেসির রেষারেষি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও শেষ পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতার জন্য ক্লার ছাড়েননি মেসি। বছরের শেষদিকে এসে পদত্যাগ করেন বার্তোমেউ।

 

মৃত্যু : ডিয়েগো ম্যারাডোনা, পাওলো রসি, পাপা দিয়প, জেরার্ড হুলিয়ে

অবসরে :ইকার ক্যাসিয়াস, মারিও গোমেজ, আন্দ্রে শার্লা, মিলান বারোস

 

ক্রীড়াঙ্গনে ‘ব্ল্যাক লাইভস মেটার’

যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে বর্ণবাদবিরোধী আন্দোলন শুরু হয়, তার ছোঁয়া লেগেছিল ক্রীড়াঙ্গনেও। কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি বর্বরতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বাস্কেটবল, রাগবি লিগসহ বেশ কয়েকবার বয়কট হয়েছে বিভিন্ন ক্রীড়া আসরের ম্যাচ। ফুটবলে ‘ব্ল্যাক লাইভস মেটার’ আন্দোলনকে সমর্থন জানাতে হাঁটু গেড়ে বসে এখনো প্রতিটি ম্যাচ শুরু করে খেলোয়াড়রা।

 

ইত্তেফাক/এসি