এনামুল কবির সুজনের গানে সুর দিলেন প্রিন্স মাহমুদ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৫:২৪

কিছুদিন আগে কবির সুমনের সুরে এবং কণ্ঠে একটি গান লিখেছিলেন গীতিকার লেখক এবং প্রযোজক এনামুল কবির সুজন। এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন অভিজ্ঞতা। সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ এবার সুর দিয়েছেন সুজনের লেখা নতুন গান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতর’-এর সূচনা সঙ্গীতের স্থান পাওয়া গানটি গেয়েছেন কৃষ্ণকলি।

৩১ ডিসেম্বর ‘আতর’ চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হওয়ার কথা রয়েছে ঢাকার মুক্তিযুদ্ধ যাদুঘর অথবা পাবলিক লাইব্রেরিতে। পরবর্তীতে দেশ এবং বিদেশের বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শনীর জন্য পাঠানো হবে বলে জানা যায়। প্রযোজক এনামুল কবির সুজন বলেন, ‘কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য এবং বহুল আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘আতর’এর চিত্রনাট্য। এর কাহিনী দর্শকদের দারুণভাবে স্পর্শ করবে। এমন ঘটনা প্রায়ই ঘটে চলছে সমাজের বিভিন্ন স্থানে। এই সব বিষয়ে আরও সচেতনতা সৃষ্টির তাগিদ জোগাবে আতরের কাহিনী।’ 

এনামুল কবির সুজনের কনসেপ্টে আতরের গল্প এবং সংলাপ লিখেছেন ফারজানা রহমান এবং কৃপা নাহার। চিত্র্যনাট্য পরিচালনা করেছেন রানা মাসুদ এবং চিত্রগ্রহণ করেছেন রিংকন খান। প্রযোজনা এবং পরিবেশনায় রূপকথা প্রোডাকশনস। 

উল্লেখ্য, এনামুল কবির সুজন এর আগেও একাধিক নাটক রচনা এবং প্রযোজনা করেছেন। গীতিকার হিসেবেও গানের বাজারে তার সুনাম আছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পী থেকে এই প্রজন্মের অনেক জনপ্রিয় শিল্পীর কণ্ঠেই উঠেছে সুজনের লেখা গান।

ইত্তেফাক/জেডএইচডি