টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
শুক্রবার রাতে চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহত হচ্ছেন রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন নয়াকান্দি গ্রামের আবুল মোল্লা (৪০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, যাত্রীবেশে দুই ছিনতাইকারী বাগেরহাট যাবে বলে উপজেলার নয়াকান্দি গ্রামের জনু মোল্লার ছেলে মোটর সাইকেল চালক আবুল মোল্লাকে টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে ভাড়া করে নিয়ে যায়। এ সময় মোল্লারহাট উপজেলার মেহেরপুরে পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে মোটর সাইকেল নিয়ে চলে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজন হওয়ায় সেখান থেকে খুলনা নেওয়ার পথে আবুল মারা যায়। মোল্লারহাট থানার ওসি কাজী গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
