করোনা ভাইরাসের ঝড় পুর দুনিয়াটা ছিন্নভিন্ন করে দিয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে খেলাধুলার দুনিয়াটা। ফুটবল, হকি, ক্রিকেট, দাবা, টেনিস আরো কত খেলা বাতিল হয়েছে। খেলার মাঠের কিংবদন্তি যারা এখনো বেঁচে আছেন তারা এমন পৃথিবী দেখেননি। বাংলাদেশে ফুটবল লিগ শুরু হয়েও বাতিল হয়েছে। বর্তমানে খেলাধুলা নিছক বিনোদনের বিষয় নয়। খেলাধুলা বিশ্বের বড় বাণিজ্য। খেলাধুলা খাতে কোটি কোটি ডলার বিনিয়োগ হয়। পৃষ্ঠপোষক বিজ্ঞাপনদাতারা পিছিয়ে গেছে অর্থ সংকটে। সেখানে মারাত্মক ধাক্কা লেগেছে।
ফিফা বিশ্বকাপ বাছাই
কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ সালে। কাতার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের প্রায় সব খেলাই করোনার কারণে বন্ধ। এবার ফিফার ব্যালন ডিঅর হয়নি। তবে ফিফা দ্য বেস্ট ফুটবলার পুরস্কার দেওয়া হয়েছে ভার্চুয়াল পদ্ধতিতে। মেসি-রোনালদোকে টপকে পোল্যান্ডের লেভানডভস্কি পুরস্কার নিয়ে গেছেন। দুই দিন পরই এক ক্লাবের জার্সি গায়ে মেসি ৬৪৪ গোল করে পেলের রেকর্ড ভেঙেছেন।
কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলায় বাংলাদেশও আটকে গিয়েছে। ফিফা এশিয়া অঞ্চলের সব খেলা স্থগিত করে দিয়েছে। এর মধ্যে অবশ্য আয়োজক দেশ তাদের হোম ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে প্রস্তাব করে। তাদের শহর দোহায় নিয়ে খেলেছে, সেটি গত ৪ ডিসেম্বর। দুই দেশের সম্মতিতে ম্যাচ হতে পারে সেটা ফিফা অনুমতিও দিয়েছিল। কিন্তু বাকি ম্যাচগুলো কবে কখন হবে তা জানা নেই। বাংলাদেশে ভারত, আফগানিস্তান এবং ওমান খেলতে আসবে। কিন্তু ফিফা এখনো দিনক্ষণ নির্ধারণ করতে পারেনি করোনার কারণে।
ফিফা বিশ্বকাপ বাতিল না হলেও ফিফার অন্যান্য খেলা সময়মতো হয়নি। ২০২০ সালে ভারতে হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, কিন্তু সেটি হয়নি। ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল পেরুতে। সেটি হয়নি। ছেলেদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়, সেটিও হলো না এ বছর। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরেই হবে বলে ফিফা জানিয়ে দিয়েছে। ফিফা তার সদস্যদের অর্থ দিয়ে সহযোগিতা করেছে। যেন তারা এই করোনার মধ্যে ফুটবল খেলাটা চালিয়ে যেতে পারে।
ইউরোপিয়ান ফুটবল
করোনার চোখ রাঙানি উপেক্ষা করে ইউরোপের সব দেশে ক্লাব ফুটবল শুরু হয়েছে। দর্শক ছাড়া ফুটবল খেলা হচ্ছে। সেই মার্চ থেকে স্প্যানিশ লিগে ফাঁকা মাঠে খেলা হচ্ছে। ভ্যাকসিন আসলে দর্শক মাঠে ঢুকতে পারবে। ইউরোপে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলেও কবে দর্শক মাঠে ঢুকতে পারবে তার গ্যারান্টি নেই। বার্সেলোনার তারকা লিওনেল মেসি বলেছেন, ‘দর্শক ছাড়া ফুটবল খেলা কতটা কঠিন বুঝা যায়। দর্শক মাঠে না থাকলে সেই ফুটবলের সৌন্দর্য থাকে না। কুিসত ফুটবল হয় এটা।’
কোপা আমেরিকা, ইউরো ফুটবল স্থগিত হয়ে গেছে। বুসেন্দ লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ লিগ, ইউরোপা লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, সবই শুরু হয়েছে ফাঁকা গ্যালারিতে। এর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো, মোহামেদ সালাহ, নেইমাররা করোনায় আক্রান্ত হয়েছেন।
এশিয়ার ফুটবল
এশিয়ার ফুটবলের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে দক্ষিণ এশিয়া ফুটবল অঞ্চলে অর্থনৈতিক দুর্বলতার মধ্যে ফুটবল পরিচালনা করা কঠিন। তারপরও বাংলাদেশে ফুটবল শুরু হয়েছে। ভারতে আইলিগ শুরু হচ্ছে আর কদিন পরই। বাংলাদেশে করোনার কারণে প্রিমিয়ার লিগ মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল। সেটি পরে বাতিল করা হয়। বিশ্বকাপের বাছাই স্থগিত হয়। এএফসি কাপে গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের খেলা এক ম্যাচ হয়ে বাকিটা হয়নি। বাফুফে প্রীতি ম্যাচ খেলাতে নেপালকে আনিয়েছিল ঢাকায়। দুই ম্যাচ খেলে সিরিজ জিতেছে বাংলাদেশ। কাতারে গিয়ে জাতীয় ফুটবল দল ম্যাচ খেলেছে। অসমাপ্ত নারী লিগ হয়েছে। বিভিন্ন জেলায় জেএফএ কাপ নারী ফুটবল হয়েছে। এখন ফেডারেশন কাপ ফুটবল চলছে। এরপরই প্রিমিয়ার লিগ শুরু হবে। বাফুফে দেশের ফুটবলারদের অর্থনৈতিক দুঃখ-দুর্দশার কথা মাথায় রেখে ক্লাবগুলোকে দিয়ে মাঠে খেলা গড়ানোর সাহসী উদ্যোগ গ্রহণ করেছে।
টোকিও অলিম্পিক গেমস
টোকিও অলিম্পিক গেমস ২০২০ হওয়ার কথা ছিল এ বছর জুলাইয়ে। কোটি কোটি ডলার খরচা করে অলিম্পিক আয়োজনের সব প্রস্তুতির শেষক্ষণে পিছিয়ে যায়। ২০২১ সালের জুলাই-আগস্টে হবে গেমস।
সবাইকে কাঁদিয়েছেন ম্যারাডোনা
২০২০ স্মরণীয় হয়ে থাকবে এমন কিছু মানুষের জন্য যারা পৃথিবীর খেলাধুলাকে রাঙ্গিয়ে দিয়েছে। ভক্তদের কাছে তাদের জীবন শ্রদ্ধায় আর অনন্ত ভালোবাসার। ২২ নভেম্বর সাবেক ফুটবলার বাদল রায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গন শোকে কাতর। তিন দিন পরই ২৫ নভেম্বর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার খবর আসে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার। পুরো বিশ্ব ফুটবলকে কাঁদিয়েছেন ম্যারাডোনা। বেঁচে থাকা অবস্থায় নানা কারণে ম্যারাডোনা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। দুনিয়া ছেড়ে চলে গেলেও তিনি আছেন খেলাধুলার মানুষের গভীর শ্রদ্ধায়। নতুন প্রজন্মের যারা ম্যারাডোনার খেলা দেখেননি তারাও ২৫ নভেম্বর হতে ইউটিউবে তার শৈল্পিক ফুটবলের কারুকার্য দেখে মুগ্ধ হয়েছেন।
ম্যারাডোনার মৃত্যুর শোকের সাগরেই খবর আসে আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রে সাবেলা মারা গেছেন। এরই মধ্যে আরেক ফুটবল কিংবদন্তি ইতালীয়ান তারকা পাওলো রসি মারা গেলেন ৯ ডিসেম্বর।
হেলিকপ্টার দুর্ঘটনা
বাস্কেটবল তারকা যুক্তরাষ্ট্রের কোবে ব্রায়ান্টের মৃত্যুর খবর দুনিয়াকে মর্মাহত করেছে। এনবিএ বাস্কেটবলে পাঁচ বারে চ্য্যাম্পিয়ন, দুই বার অলিম্পিক সোনা জয়ী ব্রায়ান্ট করোনার আগে যুক্তরাষ্ট্রে ২৬ জানুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। তিনি যাচ্ছিলেন নিজের বাস্কেটবল একাডেমিতে। তার সঙ্গে ছিল ১৩ বছরের কন্যাসন্তান। সেও প্রাণ হারায় হেলিকপ্টারে থাকা আরো সাত জনের সঙ্গে।
২৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার ডিন জোন্স আচমকাই চলেন গেলেন। ভারতে খেলার ধারাবিবরণী দেওয়ার সময় মৃত্যুবরণ করেন মুম্বাইয়ে। ডিন জোন্স ১৬৪ ওডিআই খেলে ৬ হাজার ৬৮ রান করেন। ৫২ টেস্ট খেলে ৩ হাজার ৬৩১ রান করেন। ভারতের ক্রীড়াঙ্গনের তিন কিংবদন্তি ফুটবলের চুনী গোস্বামী, হকির বলবীর সিং, ক্রিকেটের চেতন চৌহান দুনিয়া ছেড়ে চলে গেছেন। করোনাকালে মারা গেছেন সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল, ডিফেন্ডার সালাহউদ্দিন, নুরুল হক মানিক, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লুত্ফর রহমান, রেফারি আব্দুল আজিজ, সংগঠক আরশাদ আলী মঙ্গল প্রমুখ।
ক্রিকেট দুনিয়া
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সব পরিকল্পনা ভেস্তে গেছে। এ বছরই পাকিস্তান কিংবা আরব আমিরাতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেট। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল অক্টোবর-নভেম্বরে। কোনোটাই হয়নি। এশিয়া কাপ আগামী বছর এবং টি-২০ হবে ২০২২ সালে। বাংলাদেশের ক্রিকেটারদের সচল রাখতে করোনা বিধি মেনে বিসিবি প্রেসিডেন্ট কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে।
২০২০ পৃথিবীর মানুষের কাছে বেদনার বছর হয়ে থাকবে। পৃষ্ঠপোষক, দর্শক, কোচ, খেলোয়াড়, সংগঠক, খেলাধুলার মানুষের কাছে বছরটা অভিশপ্ত একটা অধ্যায়। করোনাকে ঠেকাতে ঢাল হিসেবে ভ্যাকসিন আসছে। বলা যায়, করোনা এখন অস্তগামী সূর্য। প্রার্থনা একটাই, নতুন বছরে ঊষা আলো ছড়াবে। খেলার আকাশে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় রইল বিশ্ব।
