ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়ায় এলজিইডির সড়কের পাশে লাগনো ৫৪টি আকাশমনি গাছ কেটে নিয়েছেন প্রভাবশালী শামছুল হক নামের এক সাবেক মেম্বার। তিনি দীর্ঘদিন ধরে সড়কের ঐ গাছগুলো কাটার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সড়কের গাছগুলো কাটার পর প্রশাসনের টনক নড়ে। এরই মধ্যে সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার শেফা স্থানীয় চেয়ারম্যান ও সহকারী ভূমি অফিসারকে কাঠ জব্দ করার জন্য আদেশ দিয়েছেন।
ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ- বাবুগঞ্জ সড়কের পাশে রোপণকরা প্রায় আড়াই লাখ টাকার গাছ প্রকাশ্যে শ্রমিক দিয়ে কেটে নিয়েছেন নাওগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রভাবশালী শামছুল হক। প্রকাশ্যে ১০ জন শ্রমিক দিয়ে গাছগুলো কাটলেও কেউ বাধা দেয়নি। কাটা গাছ তার স’মিলে স্তূপ করে রেখে দিয়েছেন। সড়কের পাশেই এখনো রয়েছে কাটা গাছগুলোর গুঁড়ি। স্থানীয় নাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নির্দেশে ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে ২৫টি কাণ্ড ৪৬টি ডাল জব্দ করেছেন। কেটে নেওয়া গাছগুলো স্থানীয় এলজিডি অফিস লাগিয়েছিল। গাছ কেটে নেওয়া প্রসঙ্গে শামছুল হক জানান, আমি আসলে বুঝিনি।
ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, কেটে নেওয়া গাছের ৫৪টি গুঁড়ি সড়কের পাশেই রয়েছে। আমরা যাওয়ার আগেই তিনি বড় গাছগুলো সরিয়ে ফেলেছেন। সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার শেফা বলেন, তিনি বিষয়টি জানার পর কিছু গাছ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণ শেষ করে আসলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
