নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ীতে মোবাইলের জন্য সোহাগ মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি সুমনসহ চারজনকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোহাগের কাছে থাকা একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিতে উপজেলার দোহালিয়া গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে সুমন, পাঁচগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান ও সন্ন্যাসীভিটা গ্রামের ইন্তাজ আলীর ছেলে মনির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ১৪ জানুয়ারি সোহাগকে ফোনে ডেকে সন্ন্যাসীভিটা বাজারে আনে। পরে সন্ন্যাসীভিটা এলাকায় ধান ক্ষেতে নিয়ে যায়। এক পর্যায়ে স্মার্ট ফোনটি নেওয়ার চেষ্টা করে। এ সময় সোহাগ মোবাইলটি না দিলে মেহেদী ও মনির তাকে জাপটে ধরে এবং সুমন চাকু বের করে গলায় ধরে কেড়ে নিতে চায়। ধস্তাধস্তির এক পর্যায়ে গলায় আঘাত লাগলে গোঙ্গানি শুরু করলে মেহেদী এবং মনির পা ও মাথা চেপে ধরে গলা কাটে। সুমন মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে ঢাকায় যায়। পরদিন রুমমেট গার্মেন্ট শ্রমিক জসিমের কাছে ৩ হাজার টাকায় বিক্রি করে দেয়।
ওসি আবুল খায়ের জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হবে। তারা হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে নিজেদের অপরাধ স্বীকার করেছে।
