স্কুলছাত্রকে হত্যার পর মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করল দুর্জয়

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

দেবিদ্বারের বরকামতা ইউনিয়নের ঘোষবাড়ির কালিমন্দিরের পাশে আলোচিত স্কুলছাত্র জয় চন্দ্র ঘোষকে (১৫) হত্যার পর মাটিচাপা দেওয়ার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত একই বাড়ির দুর্জয় চন্দ্র দাসকে (১৩) আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

পুলিশের জবানবন্দিতে দুর্জয় জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে সহপাঠীদের সঙ্গে কথা কাটাকাটি হয় জয় চন্দ্র ঘোষের। পরে এ শত্রুতা তীব্র আকার ধারণ করে। গত ৮ জানুয়ারি রাতে জয় চন্দ্র ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘোষবাড়ি কালিমন্দিরের কাছে। এক পর্যায়ে পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে জয় মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত হলে মন্দিরের পাশেই তাকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়। হত্যাকাণ্ডের আট দিন পর নিহতের ডান হাতের ওপর থেকে মাটি সরে যাওয়ায় স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি মো. জহিরুল আনোয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িত দুর্জয় চন্দ্র দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তির পর তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে এবং জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।