ময়মনসিংহের শম্ভুগঞ্জের চরপুলিয়ামারি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি শহরের কালিবাড়ির সুরুজ ড্রাইভারের ছেলে নিহত সুমন মিয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাত পৌনে ২টার দিকে শম্ভুগঞ্জের পুলিয়ামারি এলাকায় পাকা রাস্তার উপরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এই খবরে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালায়। এরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা আছে। ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
