বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বিএনপি নেতাদের দাবি, এ সময় ৩৫-৪০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের পশ্চিম সড়ক দিয়ে নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে যেতে চাইলে এ সংঘর্ষ হয়। ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সকাল ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন। সমাবেশ শুরুর পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। পরে বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠন মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে। সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের পশ্চিম গেট দিয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে নেতাকর্মীরা আসার সময় পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ লাঠিচার্জ করলে ছাত্রদলের নেতাকর্মীরা ইটপাটকেল মারতে শুরু করেন। পরে সমাবেশ থেকে সবাইকে শান্ত হতে বলা হলে পরিস্থিতি শান্ত হয়। শাহবাগ থানার ওসি মামুন অর রশীদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। বিএনপির কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি।
