শ্রীবরদী পৌর কমিশনার খোকনের বিএনপি থেকে পদত্যাগ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শ্রীবরদী পৌরসভার ৩নং ওয়ার্ড কমিশনার মো. আনিসুজ্জামান খোকন বিএনপি থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও শ্রীবরদী শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন। খোকন বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই আমি জনগণের কল্যাণে কাজ করে চলেছি। এ ছাড়াও দরিদ্র-অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণের জন্য তাতিহাটি জনকল্যাণ ফাউন্ডেশনের নামে আমি একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেছি। ইতোমধ্যেই আমি এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। জনপ্রতিনিধি হিসেবে আমি আমার নিম্ন শ্রেণির মানুষের পাশে থাকতে চাই। তাদের দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দিতে চাই। তাই অদ্য হতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপর কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।