চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
বেগমগঞ্জের মিরালিপুরে মেলার নামে প্রকাশ্যে চলছে জুয়া। এতে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার ৯নং মিরওয়ারীশপুর ইউনিয়নের মিরালিপুর গ্রামে মুল্লুক শাহের মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মুল্লুক ময়দান মেলা চলে আসছে। তিন দিন এ মেলা চলার কথা। দেশের লোকজ পণ্য ছাড়াও বিভিন্ন রকমের দোকান বসেছে। ঐতিহ্য অনুসারে গ্রামের নারী-পুরুষ মেলায় এসে পছন্দের পণ্য কিনছে। কিন্তু এখানে সন্ধ্যার পর থেকে প্রকাশ্যে জুয়ার অর্ধশতাধিক বোর্ড বসে।
এ ব্যাপারে মিরওয়ারীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান সাজুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, জুয়া বন্ধ করার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) নূরে আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, জুয়ার ব্যাপারে জেনে মেলাস্থলে ফোর্স পাঠিয়েছি। জুয়া খেলা বন্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছি।
