পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাঙালির চার হাজার বছরের অস্তিত্বের ইতিহাস। এই ২৩ মিনিটের ভাষণ থেকে চার হাজার বছরের এসেন্স পাওয়া যায়। এই এসেন্স নির্দেশ করে, আমরা কীভাবে এত বছর শুরু থেকে অতিক্রম করে জাতিসত্তা ও স্বাধীনতা অর্জন করেছি।
বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা এবং 'দিশারী' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
ড. বেনজীর আহমেদ বলেন, বাঙালি জাতি কখনো নিজেরা শাসন করেনি, শাসিত হয়েছে। চার হাজার বছরের ঘাত-প্রতিঘাতের পর নানা চড়াই উৎরাইয়ের ভেতর দিয়ে আমাদেরকে স্বাধীনতার দিকে নিয়ে গেছেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এজন্য বঙ্গবন্ধুর ওপর চর্চা বাড়ানোর তাগিদ দেন পুলিশ প্রধান।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মোহাম্মদ নাজিবুর রহমানসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, আমাদেরকে বঙ্গবন্ধুর চর্চা করতে হবে দেশপ্রেমে সুসংহত করার জন্য। আমরা যত বেশি বঙ্গবন্ধুকে চর্চা করবো ততবেশি আমরা দেশপ্রেমে সুসংহত হব।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে রাজনীতির 'ম্যাগনিফায়িং গ্লাস' দিয়ে না দেখে দেশপ্রেমের 'ম্যাগনিফায়িং গ্লাস' দিয়ে দেখার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণের মধ্যে বাঙালি জাতির চার হাজার বছরের শোষণ-বঞ্চনার 'এসেন্স' রয়েছে। তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণ আরও পরিব্যাপ্ত গবেষণার দাবি রাখে।
আরো পড়ুন : করোনায় আরো ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী প্রাজ্ঞ জনোচিত নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাকে অব্যাহত ও সুসংহত রাখতে আমাদের সবাইকে সক্রিয় থাকতে হবে। আমরা ২০৪১ সালে ধনী এবং উন্নত দেশের মানুষ হবো। বঙ্গবন্ধুর অবদানকে অন্তরে লালন করে, বিশ্বাসে ধরেই আমরা এগিয়ে যাব।
আইজিপি তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের ভয়াল রাতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ শাহাদতবরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সব মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে আইজিপি অন্যান্য অতিথিদের নিয়ে ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সেরা রচনা নিয়ে প্রকাশিত 'দিশারী' পুস্তকের মোড়ক উম্মোচন করেন।
ইত্তেফাক/ইউবি
