কেশবপুর (যশার) সংবাদদাতা
যশোরের কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে কনের পিতা ও বরসহ ৪ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও কনের পিতাকে ২ বছর করে ও বরের দুই আত্মীয়কে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফতেমা খাতুন টিটাবাজিতপুর গ্রামে নানা আনছার আলী মোড়লের বাড়ি থেকে লেখাপড়া করে। তার পিতা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুর গ্রামের আব্দুল জলিল শুক্রবার রাতে একই এলাকার তৈলকুপি গ্রামের আব্দুস সোবহান মোল্যার ছেলে শাহাদাত্ হোসেনের সঙ্গে মেয়ের বিয়ের আয়োজন করেন। সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কনের পিতা, বর ও বরের দুই ভগ্নিপতি পাটকেলঘাটা এলাকার ওমর আলী শেখ ও মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে নিয়ে আসে। রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
