বরিশাল অফিস
বরিশাল সদর উপজেলার চরমোনাইর সালুকা গ্রামে বরিশাল নগরীর আমানতগঞ্জের সরকারি হাঁস-মুরগির খামার কর্মচারী শাহাদাতের ভুল চিকিত্সায় সাড়ে ৪শ হাঁসের বাচ্চার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ওই গ্রামের মুরাদুল ইসলাম রেজার খামারের পাঁচ শতাধিক হাঁসের বাচ্চার চিকিত্সার জন্য বরিশালের আমানতগঞ্জস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মচারী শাহাদাতকে ডেকে নেয়া হয়। শাহাদাত বাচ্চাগুলোর ঘাড়ে ইঞ্জেকশন দেয়ার ২০ মিনিটের মাথায় সবগুলো মারা যায়।
এতে প্রায় এক লাখ ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারের ম্যানেজার মোঃ রুস্তুম আলী। এ ব্যাপারে শাহাদাতকে দায়ী করে ক্ষতিপূরণ ও যথাযথ ব্যবস্থা নিতে সরকারি হাঁস-মুরগি খামার বরিশালের সহকারী পরিচালকের বরাবরে আবেদন করেন ফার্মের ম্যানেজার রুস্তুম আলী।
