নরওয়ের দক্ষিণে অবস্থিত একটি আবাসিক এলাকায় ভূমিধসের পর এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন, এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। বুধবার স্থানীয় সকালে দেশটির জেরড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ বলছে, ভূমিধসের কারণে এক ডজনেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যেই ওই এলাকার ৯০০ শতাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।
উদ্ধারকারীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে ধ্বংসস্তূপের মধ্যে শিশুসহ বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে প্রাথমিক আশঙ্কা করা হচ্ছে।
নরওয়ে পুলিশের মুখপাত্র রজার পিটারসেন বলেন, আমরা নিশ্চিত যে, ধ্বংসস্তূপের নীচে মানুষ রয়েছেন। তবে সেখানে ১১ জনই রয়েছেন নাকি আরও কম, তা জানি না। আমরা বেঁচে যাওয়া মানুষদের সন্ধান অব্যাহত রেখেছি।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ভূমিধসের ফলে আবাসিক এলাকার মাঝে বিশাল গর্ত তৈরি হয়েছে। এর একেবারে কোণায় আরও কয়েকটি বাড়ি এবং গর্তের মধ্যে বেশ কিছু বাড়িঘরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
ইত্তেফাক/টিআর
