ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে দুদকের দায়ের করা মামলায় মো. মহসিন মিয়া নামে এক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এই দণ্ডাদেশ দেন ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান।
দুর্নীতি দমন কমিশনের পিপি এসএম কায়সার রহমান জানান, ২০০০ সালে কোতয়ালি থানায় রূপালী ব্যাংকের সাড়ে ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স মহসিন এন্ড ব্রাদার্সের মালিক মো. মহসিন মিয়া ও রূপালী ব্যাংকের তত্কালীন বদরপুর ব্রাঞ্চের ম্যানেজার সেকেন্দার আলী চৌধুরীর নামে মামলা করে দুদকের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক। পরস্পর যোগসাজশে ব্যাংকের এই অর্থ লোপাটের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। মামলা চলাকালে ম্যানেজার সেকেন্দার আলীর মৃত্যু হয়। দুদকের তত্কালীন সহকারী পরিচালক ও বর্তমান উপ-পরিচালক মেসবাহ উদ্দিন মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। রায় ঘোষণার সময় মহসিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
