ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাব অভিযান চালিয়ে অপহূত একজনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত ব্যক্তির নাম সেলিম শিকদার। গত শুক্রবার রাতে র্যাব-১০ এর একটি টিম তাকে উদ্ধার করে। তবে অপহরণকারীদের আটক করতে পারেনি র্যাব। সেলিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মাধবখালী এলাকায়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, সেলিম শিকদারকে গত ১৭ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে কৌশলে অপহরণ করা হয়। এরপর তার স্বজনদের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। পোশাক কারখানার কর্মী সেলিমের ভাই সমীর শিকদার পরদিন বিষয়টি র্যাবকে জানান। র্যাব তাকে উদ্ধারে নানামুখী তত্পরতা শুরু করে। একপর্যায়ে র্যাবের পরামর্শে স্ব্বজনরা মুক্তিপণ দিতে সম্মতির কথা অপহরণকারীদের জানান। গত শুক্রবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় টাকা হস্তান্তরের কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী ছদ্মবেশে গিয়েছিলেন র্যাব-১০ এর সদস্যরা। তবে অপহরণকারীরা কোনোভাবে বিষয়টি আঁচ করতে পারে।
র্যাব সূত্র জানায়, অপহরণকারীরা মুক্তিপণের জন্য বিভিন্ন সময়ে আলাদা স্থান ও পৃথক নম্বর থেকে ফোন করেছে। তারা কখনও গাজীপুর, কখনও ডেমরা, আবার কখনও যাত্রাবাড়ী এলাকা থেকে টাকা চেয়ে মোবাইলে কল করেছিল। এসব ফোন নম্বরগুলোও তাদের নয়। বিভিন্নজনের কাছে গিয়ে ফোন হারানোর কথা বলে তাদের মোবাইল ফোন থেকে কল করেছে। অপহরণকারীরা সেলিমের পরিচিত বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
