পুরস্কৃত হলেন ঢাকা রেঞ্জের ২৯ পুলিশ সদস্য

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

কর্মদক্ষতার ভিত্তিতে ঢাকা রেঞ্জের ২৯ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা রেঞ্জের টাঙ্গাইলের পিটিসির মহড়া সম্মেলন কক্ষে গত বছরের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাদের পুরস্কৃত করা হয়। এ ২৯ জনের মধ্যে নারায়ণগঞ্জ জেলার এসপি রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং একই জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, মাদক বিপণনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। তিনি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হ্রাস পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি করার জন্য বলেন। বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃংখলা বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহবানও জানান ডিআইজি।

সভাপতির সম্মতিক্রমে ঢাকা রেঞ্জের ডিআইজি (অপরাধ) মো. আবু কালাম সিদ্দিক সভার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো. আসাদুজ্জামানসহ রেঞ্জের অধীন ১৩ জেলার সকল পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণও উপস্থিত ছিলেন।