ট্রাফিক আইন অমান্যে ৪১৭২ মামলা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:০৬

২০ লক্ষাধিক টাকা জরিমানা

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ হাজার ১ শত ৭২ টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলা থেকে প্রায় ২০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ১৫টি গাড়ি ডাম্পিং ও ৪৫৬টি গাড়ি রেকার করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৮৪৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, স্টিকার ব্যবহার করার জন্য ১টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।  জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৭২৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭৪টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৫টি মামলা দেওয়া হয়।