ভাঙ্গা ও সদরপুরে ছয় বছর পর নিক্সন-সমর্থকদের বর্ধিত সভা

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২২:৪৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ছয় বছর পর গতকাল শুক্রবার এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থকদের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পৌরসভাসংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী জড়ো হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের নিয়ে অফিসে প্রবেশ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহাদাত্ হোসেন। এ সময় তিনি বলেন, ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী এখন শুধু এ সংসদীয় আসনের নেতা নন, তিনি সারা বাংলার আইডল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সরকারি কেএম কলেজের সাবেক জিএস ও যুবলীগ নেতা লাবলু মুন্সী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৪ ও ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে পরাজিত করেন। সে সময়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেন তিনি। সেই থেকে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেনি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজিবুর রহমান চৌধুরীকে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করেন এবং একই সঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এদিকে সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা করেছেন নিক্সন সমর্থকরা। গতকাল শুক্রবার সকালে শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমানের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মো. বদিউজ্জামান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান। বক্তব্য রাখেন সদরপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, কৃষ্ণপুর চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকির, চরবিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, চরমোনাইর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী, আকোটেরচর ইউপির চেয়ারম্যান মনিরুল হক মুরাদ, সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান মাতুব্বর, মো. মালেক বাছার, বাসুদেব কর্মকার প্রমুখ।