অর্থবছরের ছয় মাসে ২৭ শতাংশ এডিপি বাস্তবায়ন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম ছয় মাসে অর্থাত্ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৪৯ হাজার ৬৪৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের ২৭ শতাংশ। এর মধ্যে সরকারি তহবিলের বরাদ্দ থেকে খরচ হয়েছে ২৮ হাজার ৯০৫ কোটি টাকা বা ২৫ শতাংশ। বিদেশিক সহায়তা থেকে ব্যয় হয়েছে ১৭ হাজার ৮৩৪ কোটি টাকা বা ৩০ শতাংশ। চলতি অর্থবছরে এডিপিতে এক লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা ব্যয় করার লক্ষ্য ধরা হয়েছিল। এর মধ্যে সরকারি তহবিল বরাদ্দ ১ লাখ ১৩ হাজার কোটি টাকা এবং বিদেশিক সহায়তা থেকে ৬০ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য রয়েছে। গত অর্থবছরের একই সময়ে এডিপির অর্থ ব্যয় হয়েছিল ৪৪ হাজার ৩৩১ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৭ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্যে আরো দেখা যায়, ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৩৪টির বাস্তবায়ন  হার ৩০ শতাংশের কম। আবার ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ ২০ শতাংশের কম অর্থ ব্যয় করেছে। আইএমইডির সংশ্লিষ্টরা জানান, অর্থ-বছরের প্রথম ছয় মাসের বাস্তবায়নের বিবেচনায় এডিপির বরাদ্দ কাটছাঁট শুরু হয়। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বেশ কয়েকটি এডিপি বাস্তবায়নে পিছিয়ে আছে। এর মধ্যে রেলপথ মন্ত্রণালয় ছয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৬ দশমিক ৬৮ শতাংশ, পানি সম্পদ মন্ত্রণালয় ১৬ শতাংশ, সেতু বিভাগ ১৯ দশমিক ৯৩ শতাংশ অর্থ ব্যয় করছে। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২১ শতাংশ, স্বাস্থ্য সেবা বিভাগ ২২ দশমিক ৮৪ শতাংশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২১ দশমিক ৬৮ শতাংশ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ২২ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৪ দশমিক ৭০ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৩১ শতাংশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৩২ শতাংশ, নৌ পরিবহন মন্ত্রণালয় ৩৬ দশমিক ৬৩ শতাংশ, বিদ্যুত্ বিভাগ ৪৫ শতাংশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৪৭ শতাংশ অর্থ খরচ করতে পেরেছে।