আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে গত ৯ নভেম্বর শুরু হয়েছে ‘জলজ-৪ ঢাকার রাস্তা’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে প্রায় ৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিত্ চৌধুরী। প্রদর্শনীটি ২০১৫ সালে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত জলজ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর চতুর্থ সংস্করণ। এই দলীয় চিত্র প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী বিপ্লব চক্রবর্তী, মোঃ আজমল উদ্দিন, গোলাম মশিউর রহমান চৌধুরী, আল-আখির সরকার, শ্যামল বিশ্বাস এবং সাদেক আহমেদ। প্রদর্শনীতে শিল্পীরা তাদের মূল বিষয়বস্তু হিসেবে এবার বেছে নিয়েছেন ঢাকার রাস্তাকে। তাদের রং-তুলির আঁচড়ে ফুটে উঠে ঢাকার রাস্তার দেখা-অদেখা নানান দিক। প্রদর্শনীটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
