যুক্তরাজ্যকে ইইউ’তে থাকার অনুরোধ জার্মান নাগরিকদের

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১৪

রয়টার্স

ব্রেক্সিট বাস্তবায়নকে সামনে রেখে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নেই (ইইউ) থেকে যাওয়ার অনুরোধ করে চিঠি লিখেছেন শীর্ষ কয়েকজন জার্মান নাগরিক। টাইমস পত্রিকায় প্রকাশিত এ চিঠিতে সই করেছেন ৩১ জন। তাদের মধ্যে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা, চ্যান্সেলর আঞ্জেলা মের্কেলের সম্ভাব্য উত্তরসূরিসহ জার্মানির একদল রাজনীতিক, এমনকি অ্যাথলেট, ব্যবসায়ী ও কয়েকজন সেলিব্রেটিও আছেন।

চিঠিতে আবেগঘন কিছু কথার সঙ্গে উঠে এসেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও। ব্রেক্সিটের ফলে ব্রিটিশদের অনেক কিছুই ইউরোপীয়দের থেকে দূরে সরে যাবে। ইউরোপীয় জীবনযাত্রা থেকে হয়তো হারিয়ে যাবে ব্রিটিশ সংস্কৃতির অনেক কিছুই। আবেগে ভরা ভাষায় চিঠিতে বলা হয়েছে, ‘ইউরোপীয় হিসেবে আমাদের জীবনযাত্রার অপরিহার্য অঙ্গ অসংখ্য ব্রিটিশ নাগরিকের পাশাপাশি তাদের সংস্কৃতিও।’

অন্যদিকে, ইতিহাসের সঙ্গী হিসেবে যুক্তরাজ্য ও ইউরোপের দীর্ঘ পথ পরিক্রমার কথা উল্লেখ করে চিঠিতে ইউরোপের ঐতিহাসিক গঠনের পেছনে ব্রিটিশদের অবদান স্বীকার করে নিয়ে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে একটি নতুন জার্মানি গড়ে ওঠার সময় যুক্তরাজ্য যেভাবে পাশে থেকেছে, তা জার্মানি ভুলে যায়নি, ভুলে যাবে না বলে চিঠিতে জানিয়েছেন লেখকরা। তারা বলেন, ‘ইউরোপীয় বলতে আমরা আজ যা বুঝি, সেসব কিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যুক্তরাজ্য। তাই ইউরোপে তাদের অভাব অপূরণীয় হয়ে থাকবে।’

ব্রিটিশ জনগণের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার রায়কে শ্রদ্ধা করেন বলে জানালেও চিঠির লেখকরা বলেন, তারা চিরতরে চলে যেতে চাইলেও জার্মানি এবং ইউরোপ সবসময়ই তাদের বন্ধু থাকবে। ‘ব্রেক্সিটের সিদ্ধান্ত অপরিবর্তনীয় নয়’ উল্লেখ করে শীর্ষ ওই জার্মানরা আরো বলেন, ‘আমাদের দ্বার সবসময়ই খোলা থাকবে। আমরা হূদয়ের অন্তঃস্থল থেকেই চাই তারা থাকুক।’