সেনাসদস্যদের বিপন্ন করছেন ট্রাম্প

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১৫

রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে দায়িত্বরত আমেরিকান সেনাসদস্যদের বিপন্ন করছেন। তার অভিযোগ, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে মার্কিন কংগ্রেস সদস্যদের সফরের বিষয়টি প্রকাশ্যে সামনে আনার মাধ্যমে সেনাসদস্য ও আইনপ্রণেতাদের ঝুঁকির মধ্যে ফেলেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে চলমান আংশিক শাটডাউনের ২৮তম দিনে এমন মন্তব্য করলেন স্পিকার ন্যান্সি পেলোসি। এদিনই ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি কংগ্রেস সদস্যদের ইরাক সফরের চেয়ে বিদ্যমান শাটডাউট কাটিয়ে উঠার প্রতি বেশি নজর দিচ্ছেন। একইসঙ্গে তিনি স্পিকার ন্যান্সি পেলোসির আসন্ন ব্রাসেলস ও আফগানিস্তান সফর স্থগিতের ঘোষণা দেন। শাটডাউন সমাধানে তাকে দেশে থেকে আলোচনার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

৭৮ বছরের ন্যান্সি পেলোসি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সদস্য। এমন এক সময়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন, যখন মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মাণে তহবিল বরাদ্দ নিয়ে বিবাদের জেরে যুক্তরাষ্ট্রে সরকারি কর্মকাণ্ডে আংশিক অচলাবস্থা চলছে।

সীমান্ত দেয়াল নির্মাণের বিরোধিতা করে ডেমোক্র্যাট সিনেটররা এ খাতে বাজেট বরাদ্দ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে সীমান্ত দেয়াল নির্মাণে তহবিল না পেলে অন্যান্য বাজেট বরাদ্দের কাগজপত্রে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতেই ২০১৮ সালের ২১ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে সরকারি কাজকর্মে শাটডাউন বা অচলাবস্থা শুরু হয়।