এসডিজি অর্জনে অন্যতম বাধা বাল্যবিয়ে

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:২২

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাল্যবিয়ে অন্যতম প্রধান বাধা বলে মনে করছেন সংশ্লিষ্ট বিজ্ঞজন। তারা বলেন বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হিসেবে বাংলাদেশকে উল্লেখ করা হয়। কিন্তু বাল্যবিয়ের এই ক্ষমতায়নের পথে বড় বাধা। তারা বলেন, বাল্যবিয়ে দূর করে নারীর ক্ষমতায়নকে টেকসই করতে হবে।

গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। বাল্যবিয়ে বিষয়ক সেমিনারটি হ্যালো, আই অ্যাম প্রকল্পের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে চলছে। ক্যাম্পেইনের আওতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু। আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. এ্যানি ভেস্টজেনস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিরেক্টর ডা. মোহাম্মদ শরীফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রোজেক্ট ডিরেক্টর ড. আবুল হোসেন।

সেমিনারের প্রথম ভাগে বাল্যবিয়ের প্রেক্ষাপট ও বাংলাদেশে বাল্যবিয়ের প্রবণতার উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম। এছাড়া বাল্য বিয়ে বন্ধে সামাজিক মাধ্যমের ভূমিকা তুলে ধরেন বিবিসি মিডিয়া অ্যাকশনের বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড লেস। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ।