ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় তরুণীকে হত্যা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১৫

ভারতের গুরগাঁওয়ে এক ব্যক্তি তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা প্রত্যাহার করে নিতে রাজি না হওয়ায় অভিযোগকারী তরুণীকে জোর করে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। ধর্ষণ মামলায় শুক্রবার গুরগাঁও আদালতে ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করার কথা ছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত স্বন্দ্বীপ কুমার তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় বলে দাবি করেন নিহত তরুণীর মা। খবর এনডিটিভি

পুলিশের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, নিহত তরুণী ২০১৭ সালের মার্চে স্বন্দ্বীপের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। একই নাইট ক্লাবে ওই তরুণী নাচতো এবং স্বন্দ্বীপ ‘বাউন্সার’এর কাজ করত। চার বছর ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। শুরু থেকেই স্বন্দ্বীপ ধর্ষণ মামলা প্রত্যাহার করার জন্য তরুণীকে চাপ দিত বলে দাবি করেন তার মা।

আদালতে জবানবন্দি দিতে তারা করনাল থেকে গুরগাঁও এসেছেন বলেও জানান তিনি। শুক্রবার পথচারীরা গুরগাঁও-ফরিদাবাদ সড়কের পাশে এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মৃতদেহের পরিচয় শনাক্ত করে। গুরগাঁও পুলিশ জানায়, ২০১৭ সালের মার্চে তরুণীর অভিযোগের ভিত্তিতে তারা স্বন্দীপকে গ্রেফতার করেছিল। পরে সে জামিনে বেরিয়ে আসে।

 

 

০