নেত্রকোনায় বোরোর চারা রোপণে ব্যস্ত কৃষক

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১০

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার ১০ উপজেলায় বোরো আবাদের ধুম পড়ে গেছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং বোরোর চারার কোনো সমস্যা না থাকায় কৃষকরা জমিতে বোরোর চারা রোপণে ব্যস্ত রয়েছেন। এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৪ হাজার হেক্টর জমি। নেত্রকোনা হাওর এলাকা হওয়ায় বোরো আবাদ সবচেয়ে বেশি হয়। শুক্রবার পর্যন্ত জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান জানান, নির্ধারিত জমিতে বোরো আবাদ হলে এবং সঠিকভাবে ফলন হলে ৬ লাখ ৭ হাজার ৭৭০ টন চাল উত্পাদিত হবে। নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, বোরো আবাদে যাতে ইউরিয়া সার পেতে কৃষকদের কোনো সমস্যা না হয় সেজন্য ইতিমধ্যে পর্যাপ্ত ইউরিয়া সার সব উপজেলায় মজুত রাখা হয়েছে।