সংস্কৃতিমনস্ক জাতি গঠন মূল চ্যালেঞ্জ :লিয়াকত আলী লাকী

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:১৯

ইত্তেফাক রিপোর্ট

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, করোনা মহামারির মধ্যেও বন্ধ হয়নি দেশের সাংস্কৃতিক কার্যক্রম। করোনার মধ্যেও অনলাইনে নানামুখী কার্যক্রম পরিচালিত হয়েছে। নতুন বছরকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে নতুন করে জেগে উঠেছে শিল্পকলা একাডেমি। আগামী দিনগুলোতে লোক সংস্কৃতিকে অবলম্বন করে সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। কারণ সংস্কৃতিমনস্ক জাতি গঠন আমাদের মূল চ্যালেঞ্জ। গতকাল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব জানান, চলমান ২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর পরপরই আসছে মার্চে জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী, এপ্রিলে জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বাংলাদেশের ১০ উপজেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মাসব্যাপী সাংস্কৃতিক উত্সব ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

লিয়াকত আলী লাকী বলেন, একাডেমিকে কেন্দ্র করে সারাদেশে সাংস্কৃতি জাগরণ সৃষ্টি করা হয়েছে। বিষয়ভিত্তিক নাট্য উত্সব করা হচ্ছে ৬৪ জেলায়। পাশাপাশি চলচ্চিত্র নিয়ে সারাদেশে উত্সবের আয়োজন করা হয়েছে। দর্শক সৃষ্টিতে গঠন করা হয়েছে ফিল্ম সোসাইটি। এসব কিছুই আমরা করছি একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে দেশের মানুষকে যুক্ত করতে।