যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী এমপি (নিক্সন চৌধুরী) হেফাজত ইসলাম ও এর নেতা মামুনুল হককে চ্যালেঞ্জ করে বলেছেন, সারা বাংলাদেশে, জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে, আপনারা পারলে ঠেকান। তিনি আরো বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানের দোসর জামায়াত-শিবির এখন হেফাজত ইসলামে ভিড় জমিয়েছে। সারা বিশ্বে ভাস্কর্য থাকলেও তারা বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসায় নেমেছে। আমরাও নামাজ পড়ি, কলেমা জানি, আমরাও মুসলমান; কিন্তু, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। আপনাদের এসব ব্যবসা বন্ধ করুন, তা না হলে সারা বাংলাদেশে যুবলীগ মাঠে নামলে পালাবার জায়গা পাবেন না।’
নিক্সন চৌধুরী আরো বলেন, ‘আগের যুবলীগ আর এখনকার যুবলীগ এক নয়। রাজাকারের সন্তান, অনুপ্রবেশকারী ও চাঁদাবাজদের ঠাঁই নেই যুবলীগে। শেখ হাসিনা ছাড়া কোনো এমপি মন্ত্রীর পেছনে হেঁটে যুবলীগের নেতা হওয়া যাবে না।’ সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে স্থান পাওয়া লক্ষ্মীপুর জেলার ১০ নেতাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের কার্যালয়ে গতকাল শনিবার বিকালে জেলা যুবলীগ সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, তাজ উদ্দিন আহমদ, মোয়াজ্জেম হোসেন।
