পাঁচ বছরেও গতি নেই চীন-পাকিস্তান সিপিইসি প্রকল্পের, ঋণের ফাঁদে পাকিস্তান

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০০:৩৬

ঠিক পাঁচ বছর আগে চীন-পাকিস্তান ইকোনোমিক করিডর (সিপিইসি) প্রকল্পের চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। কিন্তু তারপর সেই কার্যক্রমের আর তেমন অগ্রগতি হয়নি। বেশ কিছু কারণে চীন এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলছে। অন্যদিকে পাকিস্তানও পড়ে আছে ঋণের ফাঁদে। যার কারণে সিপিইসি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।

দ্য হংকং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের উচ্চাভিলাষী 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্পে বেশ কিছু অসাঞ্জস্যতা দেখা দিয়েছে। তাছাড়া চীনের ঋণ দেয়ার নীতিতেও যথেষ্ট অনিয়ম পাওয়া গেছে। যা দরিদ্র রাষ্ট্রগুলোকে ফেলেছে ঋণের ফাঁদে। এর প্রভাব পাকিস্তানেও পড়েছে। যার কারণে সিপিইসি প্রকল্প অগ্রসর হতে পারছে না। 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্প থামায় চীনও সিপিইসিতে আগ্রহ হারিয়ে ফেলেছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) বলছে, পাকিস্তান ও চীনের মধ্যেকার সিপিইসি চুক্তি সইয়ের ৫ বছরে মাত্র ২৫ শতাংশ কাজ হয়েছে। চুক্তিতে ১২২টি প্রকল্প নির্মাণের কথা থাকলেও মাত্র ৩২টি প্রস্তুত হয়েছে। প্রকল্পগুলো থেমে থাকার অন্যতম কারণ, চীনা সরকারের ধারণা এসব খাতে যা ব্যয় হচ্ছে তা পাকিস্তানের বাজার থেকে উঠিয়ে আনা সম্ভব হবে না। পাকিস্তান সরকারের অতিরিক্ত ঋণের বোঝাই চীনা সরকারকে এই বিনিয়োগ নিয়ে ভাবাচ্ছে বলে ধারণা অনেক বিশেষজ্ঞের।

ইত্তেফাক/টিআর