বরিশালে ট্রাক বোঝাই ফেন্সিডিল আটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:২৭

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্টে ট্রাক বোঝাই ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার সকালে বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

র্যাব জানায়, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ব্রজবাকসা এলাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদ পায় র্যাব। এরই ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার জিরো পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর গত শুক্রবার রাতে একটি ট্রাকের জ্বালানি ট্যাংকির ভেতর থেকে ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ট্রাক চালক যশোরের ঝিকরগাছা থানার পুরন্দপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. আদম আলী এবং চালকের সহকারী একই এলাকার মৃত আ. জলিলের ছেলে মো. রানা হোসেনকে আটক করা হয়। তারা র্যাবের জিজ্ঞাসাবাদে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্নস্থান থেকে ফেনসিডিলের চালান সংগ্রহ করে বরিশালের বিভিন্ন এলাকায় সরবরাহ করছে বলে স্বীকার করে।

এ ঘটনায় র্যাবের ডিএডি মো. মাহফুজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।