আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, আওয়ামী যুবলীগের নাম ভাঙিয়ে একটি অসাধু প্রতারক চক্র বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য দেশের বিভিন্নস্থানে চটকদার লিফলেট বিতরণ করেছে। যার মাধ্যমে দেশের বেকার তরুণদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। ‘গ্রামীণ সার্ভিস’ নামে এরকম একটি ভুঁইফোঁড় প্রতিষ্ঠান কেন্দ্রীয় যুুবলীগের ভুয়া ঠিকানা ব্যবহার করে এবং যুবলীগ অনুমোদিত বলে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার যুবকদের সাথে প্রতারণা করছে বলে আমরা জানতে পেরেছি। প্রকৃতপক্ষে এর সাথে যুবলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। গত মঙ্গলবার যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, মূলত উপমহাদেশের সবচে’ বড় যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তের অংশ। এ ব্যাপারে যুবলীগসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহবান জানাই। একইসাথে এসব ভুঁইফোঁড় প্রতিষ্ঠান ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করছি।
