জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বারিধারার বাসায় ফিরেছেন। চিকিত্সার জন্য তিনি আজ রবিবার বেলা ১২টা ২০ মিনিটে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। এরশাদ সিঙ্গাপুরে চিকিত্সাধীন থাকাবস্থায় এবং এরপরেও তার অবর্তমানে জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ছোট ভাই জিএম কাদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সাংগঠনিক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এরশাদ। এরশাদের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার আরেক ছোট ভাই ও ব্যক্তিগত সচিব জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এবং একজন ব্যক্তিগত স্টাফ।
শরিকরা বিরোধী দলে এলে সংসদ আরও প্রাণবন্ত হবে: রাঙ্গা
জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গতকাল রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ১৪ দলীয় জোটের অন্য শরিক দলগুলোর সংসদ সদস্যরা জাপার সঙ্গে বিরোধী দলের ভূমিকায় এলে সংসদ আরও প্রাণবন্ত হবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে মাত্র একজনই বুদ্ধদেব বসু বিরোধী দলের ভূমিকায় ছিলেন। জাপার ভাইস-চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
রাজুর ভাই সাজুর ইন্তেকাল
জাপার কো-চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের গতকাল এক শোকবার্তায় দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজুর ছোট ভাই আলমগীর হোসেন সাজুর (৪২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় জাপা মহাসচিব ও একাদশ সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাও শোক জানান। উল্লেখ্য, ক্যান্সার আক্রান্ত সাজু শুক্রবার রাতে গাজীপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
