আজহার আলি ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট বড় সংগ্রহের আশা জুগিয়েছিল পাকিস্তানকে। কিন্তু সবুজ উইকেটে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনটি হয়ে যায় নিউজিল্যান্ডের। দীর্ঘদেহী পেসার কাইল জেমিসনের তোপে প্রথম ইনিংসে ২৯৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
প্রথম টেস্টে ১০১ রানে হারের পর পাকিস্তানের জন্য এই টেস্টটি ঘুরে দাঁড়ানোর। কিন্তু টস হেরে দিনের শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। লাঞ্চের আগে পুঁজি ৮৮ রান, খোয়াতে হয়েছে ৪ উইকেট, যার তিনটিই জেমিসনের। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় কিউই দলের হাতে।
তবে দ্বিতীয় সেশনে অধিনায়ক রিজওয়ানকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন আজহার। কিন্তু জেমিসনের কারণে ৮৮ রানেই ভাঙে জুটিটি। তার বলে পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান রিজওয়ান (৬১)।
শেষ সেশনের শুরুতে আজহারকে (৯৩) সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতেই বিদায় করেন ম্যাট হেনরি। এরপর ফাহিম আশরাফের ব্যাটে পাকিস্তান ৩০০ ছোয়ার স্বপ্ন দেখলেও, তাকে ফিরিয়ে ব্যক্তিগত ৫ উইকেট পূর্ণ করেন জেমিসন। ৬ ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয় ফাইফার। শেষের বাকি কাজটুকু সারেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি জুটি। দুই জনেই নেন দুটি করে উইকেট। আজ দিনের সঙ্গে নিজেদের ইনিংসেরও সূচনা করবে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান ১ম ইনিংস : ৮৩.৫ ওভারে ২৯৭ (আজহার ৯৩, রিজওয়ান ৬১, ফাহিম ৪৮, জাফর ৩৪; সাউদি ৬১-২, বোল্ট ৮২-২, জেমিসন ৬৯-৫)।
