বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিত্সা সেবার নির্দেশনা চেয়ে রিটের উপর রবিবার আদেশ দেবে হাইকোর্ট। সম্পূরুক আবেদনপত্র দাখিল করায় আদালত গতকাল বৃহস্পতিবার আদেশ না দিয়ে ওইদিন ধার্য করেন। গতকাল আবেদনের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এম মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামাল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের চিকিত্সা প্রদান শেষে গত ৭ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। মেডিক্যাল বোর্ডের অনুমতি ছাড়া এবং হাইকোর্টকে অবহিত না করে খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার এ রিট করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
