ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

জামায়াতের পাঁচ নেতা কারাগারে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:২০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় জামায়াতের বর্তমান ও সাবেক পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন কাজী নজরুল ইসলাম খাদেম, গোলাম ফারুক, মো. জাহিদুল ইসলাম, রুস্তম আলী ও মো. জাহাঙ্গীর আলম ইকবাল। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ৪ ডিসেম্বর জেলা পুলিশের একটি ট্রাক নাস্তা নিয়ে কাউতলি যাচ্ছিল। পথিমধ্যে শহরের পীরবাড়ী এলাকায় দুষ্কৃতকারীরা গাড়িতে থাকা পুলিশ সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করা হয়। গত ১০ অক্টোবর বিচারক মো. মাসুদ পারভেজ মামলার বিচারিক কার্যক্রম শেষে এজাহারনামীয় ও ঘটনায় জড়িত পলাতক সব আসামির প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই পাঁচ আসামি আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।