বাইডেনের জয়ে আপত্তি জানাবেন ১১ রিপাবলিকান সিনেটর

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৩৪

আগামী বুধবার মার্কিন কংগ্রেসের দুই কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেটের যৌথ অধিবেশনে ইলেকটোরাল কলেজ ভোট গণনা করে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

বড় ব্যবধানেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে গেছে বাইডেনের। কিন্তু কিছু রিপাবলিকান সিনেটর এখনো মনে করছেন যে, তারা নির্বাচনে জো বাইডেনের বিজয় উলটে দিতে পারবেন। এজন্য রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বে ১১ জন সিনেটর কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, যিনি সিনেটের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফল উলটে দেওয়ার এ চেষ্টা প্রায় সুনিশ্চিতভাবেই ব্যর্থ হবে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে ডেমোক্র্যাটরা। তারা এ ধরনের ভোট অগ্রাহ্য করবে। আর বুধবারের অধিবেশনে ভাইস প্রেসিডেন্টের ভূমিকা আনুষ্ঠানিকতা পালনের বেশি কিছু নয়। বাইডেনের মুখপাত্র জেন পিসাকি বলেছেন, প্রতি চার বছর পর পর কংগ্রেস যেভাবে ফল প্রত্যয়ন করে এবারও তাই করবে। খবর বিবিসি ও সিএনএনের।

খবরে বলা হয়েছে, জো বাইডেনের জয় আটকানো নিয়ে এর মধ্যেই রিপাবলিকান পার্টিতে বিভক্তির সৃষ্টি হয়েছে। সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার সহযোগীদের আহ্বান জানিয়েছেন যেন তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ না করেন।

কিন্তু টেড ক্রুজের সঙ্গে মিলে কয়েক জন সিনেটর বলছেন, তারা চ্যালেঞ্জ করবেন। ভোট জালিয়াতির দাবিগুলো তদন্তের জন্য ১০ দিনের এক জরুরি অডিট করার দাবি জানাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সামনে আরো অনেক কিছু আসছে। তিনি তার হাজার হাজার সমর্থককে বুধবার ওয়াশিংটনে জড়ো হয়ে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয় অস্বীকার করে ভোট জালিয়াতির অভিযোগ করলেও এখন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট পেন্স এ বিষয়ে কথা বলেননি। শুক্রবার তার চিফ অব স্টাফ জানান, কংগ্রেসের দুই কক্ষের সদস্যের আপত্তি জানানোর প্রস্তুতিকে পেন্স স্বাগত জানিয়েছেন।

জর্জিয়ায় সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণী ভোট কাল

সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে নাকি ডেমোক্র্যাটরা সমতা আনবে সেটা নির্ধারণে আগামীকাল মঙ্গলবার ভোট হবে জর্জিয়া অঙ্গরাজ্যে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে নিজ দলের প্রার্থীদের জন্য প্রচারণা চালাতে আজ সোমবার জর্জিয়া যাচ্ছেন বাইডেন এবং ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু এবং কেলি লোয়েফলারের একজন জয়ী হলেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে রিপাবলিকানরা। আর যদি ডেমোক্র্যাট প্রার্থী জন ওসফ এবং রাফায়েল ওয়ারনক জয়ী হন তবে সিনেটে দুই দলের সদস্য সমান হবে। সেক্ষেত্রে যে কোনো ইস্যুতে টাই ব্রেকারের ভূমিকা পালন করবেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত ৩ নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আবারও নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৩০ লাখ আগাম ভোট পড়েছে। বলা হচ্ছে, ডেমোক্র্যাটদের মধ্যে আগাম ভোট দেওয়ার প্রবণতা বেশি, যা রিপাবলিকানদের জন্য উদ্বেগেরও কারণ। প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন বাইডেন।