বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয় জনের মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৩৮

বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় যাত্রীসহ সাত জন নিহত হয়েছে। গতকাল রবিবার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের তারাকান্দা উপজেলার গাছতলা নামকস্থানে এ দুঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা জানান, নিহতরা হলেন :নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেছুয়ালেঞ্জি গ্রামের ফারুক মিয়া, তার স্ত্রী মাসুমা আক্তার ও তাদের তিন দিন বয়সি সন্তান, ফারুকের বড় ভাই নিজাম উদ্দিন, বড় বোন তামান্না আক্তার জুলেখা, আরেক বড় ভাই আজিম উদ্দিনের স্ত্রী জোত্স্না বেগম এবং সিএনজি চালক রাকিবুল।

জানা গেছে, মাসুমার প্রসববেদনা উঠলে তাকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে গত বৃহস্পতিবার সন্তান জন্ম দেন তিনি। সেই শিশুকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে পরিবারের সদস্যরা ফিরছিল বাড়ি। কিন্তু বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় পুরো পরিবারটি শেষ হয়ে গেল।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন চন্দ্র দাস জানান, নিহতরা ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে পূর্বধলায় আসছিলেন। গাছতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শাহজালাল নামে  বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সাত জন নিহত হয়। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরেজমিনে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের মাতম চলছে। এরই মধ্যে নিহত ফারুকের মা আয়েশা খাতুন স্থানীয় সাংবাদিকদের জানান, হাসপাতাল থেকে ছেলে সন্তানের খবর আসলে তারা আনন্দে আত্মহারা ছিলেন। এখন সব শেষ।

খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা জানান, খুলনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল শিকদার (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা  ঘটে। নিহত বিল্লাল স্থানীয় কৈয়া বাজারের বালুর ব্যবসার প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন। বিল্লাল শিকদার ঝিনাইদহ সদর উপজেলার জিতড় কুটিপাড়া গ্রামের আব্দুর রহমান শিকদারের ছেলে।

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, দোহারে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল  দুপুরে দোহার পৌরসভা মধ্য লটাখোলা এলাকার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ঐ এলাকার মৃত আমির উদ্দিন ব্যাপারীর ছোট ছেলে।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, ইটবোঝাই ট্রাকের চাপায় রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল উপজেলার লতিবপুর ইউনিয়নের জানকিনাথপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

গাজীপুর প্রতিনিধি জানান, কাভার্ডভ্যানের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মহানগরীর বাসন নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম (২২) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর কাংশা গ্রামের আব্দুর করিমের ছেলে।

বরিশাল অফিস ও বাকেরগঞ্জ সংবাদদাতা জানান, বাকেরগঞ্জ-পটুয়াখালী সড়কের লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। থ্রি হুইলার মাহিন্দ্রা উলটে গিয়ে চাপা পড়ে তিনি নিহত হন। খলিলুর রহমান পটুয়াখালীর জেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত কদম আলী হাওলাদারের ছেলে। সপ্তাহখানেক আগে খলিলুর রহমান তার মেয়ে জামাইয়ের বাড়ি চাঁদপুর বেড়াতে যান। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তিনি মারা যান।

ত্রিশাল সংবাদদাতা জানান, ত্রিশালে সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ছফির উদ্দিন নিহত হয়েছেন।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের নিকটস্থ লালনশাহ সেতুর গোলচত্বরে নসিমন উলটে প্রকল্পের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কয়েক জন। নিহতরা হলেন :কুষ্টিয়া ভেড়ামারা থানার মসলেমপুর গ্রামের আজগার আলীর ছেলে আনিসুর রহমান (৩১) ও একই থানার দামুকদিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল খালেক (৩২)। অপরদিকে ট্রাকের ধাক্কায় ঈশ্বরদীতে নসিমন চালক নিহত হয়েছেন। নিহত রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝলসা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।