রাজধানীর মুগদা থানা এলাকা থেকে শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকায় কে এম মীরাজুল আজম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় মুগদা থানার অতিশ দীপঙ্কর সড়কের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় শিশু পর্নোগ্রাফির কাজে ব্যবহূত তার মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিসমূহ জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তি অনলাইনে উঠতি বয়সি শিশুদের সঙ্গে যোগাযোগ করে পর্ন ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করত এবং তাদের নিজেদের পর্ন ছবি ও ভিডিও প্রদান করতে উত্সাহিত করত। এভাবে দেশি-বিদেশি শিশুদের নিকট থেকে তাদের পর্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আপলোড করে আসছিল।
তিনি আরো বলেন, অভিযুক্ত তার ব্যবহূত হোয়াটসঅ্যাপ আইডিতে ভারতীয় অপ্রাপ্ত বয়স্ক এক নারীর ব্যক্তিগত অশ্লীল ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি দাবি করে। এর পর সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে সাইবার প্যাট্রলিং করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে।
