ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। ‘পোড়ামন’, ‘পুড়ে যায় মন’, ‘ব্ল্যাকমানি’র মতো সিনেমা দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে তিনি জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সম্প্রতি প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রেও অংশ নিয়েছেন। নতুন বছরে নতুন খবর দিলেন সাইমন। কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘টেলি সিনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২১’- এ জুরিবোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
জানা গেছে, এই উৎসবটি আয়োজন করছে ‘দ্য টেলি সিনে সোসাইটি’। এই মুহূর্তে চলছে শর্ট ফিল্ম জমাদান প্রক্রিয়া। জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। এখানে প্রতিটি চলচ্চিত্রকে অবশ্যই ২০ মিনিটের মধ্যে শেষ হতে হবে। প্রতিযোগিতায় সেরা ১০টি চলচ্চিত্রকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
বিষয়টি নিশ্চিত করে সাইমন গণমাধ্যমকে বলেন, ‘এটা খুবই আনন্দের আমার জন্য। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক জুরিবোর্ডের সদস্য হলাম। অসাধারণ কিছু অভিজ্ঞতার অপেক্ষায় আছি। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেক মেধাবী মানুষের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে।’
ইত্তেফাক/বিএফ/জেডএইচ
