এবার পুত্র সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০০:১৮

এবার পুত্র সন্তানের মা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক। সন্তানের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেইন্ট জন পার্সি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনের হ্যাম্পস্টিড এলাকার রয়্যাল ফ্রি হাসপাতালে এই দ্বিতীয় সন্তানের জন্ম দেন টিউলিপ। দুই দিন আগে সন্তান জন্মদানের কথা থাকলেও ব্রেক্সিট ভোট দেওয়ার জন্য তারিখ পিছিয়ে দেন তিনি। বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

ক্যামডেন নিউজ জার্নাল নামে একটি অনলাইনের খবরে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক এবং তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। টিউলিপ সিদ্দিক বলেন, আমার শিশু ছেলেকে ভালোভাবে দেখাশোনার জন্য রয়েল ফ্রি হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মীদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। এর আগে ২০১৬ সালে টিউলিপ সিদ্দিকের কন্যা আজালিয়ার জন্ম হয়।

ব্রেক্সিট ইস্যু নিয়ে ব্রিটেনে রাজনৈতিক ঝড় বইছে। এই ইস্যুতে ভোট দেওয়ার জন্য ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দুইদিন দেরিতে সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেন। গত মঙ্গলবার হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি না হয়ে হুইল চেয়ারে ব্রিটিশ পার্লামেন্টে ভোট দিতে যান তিনি। যখন ভোটাভুটিতে অংশ নেন তখন আসলে তার অস্ত্রোপচার কক্ষে থাকার কথা ছিল। এই ভোটে প্রধানমন্ত্রী থেরেসা মের খসড়া চুক্তি ব্যাপক ভোটের ব্যবধানে বাতিল হয়েছে। সন্তানের জন্মদান পিছিয়ে টিউলিপ সিদ্দিক বলেছিলেন, ‘চিকিত্সকরা যেভাবে পরামর্শ দিয়েছিলেন তার একদিন পরেও যদি আমার সন্তান পৃথিবীতে আসে তাহলে সে সেই পৃথিবীতে আসবে যেখানে ব্রিটেন ও ইউরোপের মধ্যে আরো শক্তিশালী সম্পর্কের সুযোগ বাড়বে। আমরা সেটার জন্যই লড়াই করছি’।