জামালপুর প্রতিনিধি
জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবের একটি ইউনিটের যন্ত্র বিকল হওয়ায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা এক মাস ধরে বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর থেকে বায়োসেফটি ক্যাবিনেট ইউনিটের যন্ত্র বিকল হয়ে যাওয়ায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে এ জেলার করোনা নুমনা পরীক্ষা ময়মনসিংহের ল্যাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন প্রণয়কান্তি দাস।
পিসিআর ল্যাব সূত্র জানায়, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে গত বছরের ১২ মে ল্যাব উদ্বোধন ও করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম চালু হয়। কিন্তু কিছুদিন না যেতেই ল্যাবটির বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত বছর তিনবার ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকে। সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর ল্যাবের বায়োসেফটি ক্যাবিনেট ইউনিটের যন্ত্রপাতি বিকল হয়ে যায়।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, গত তিন মাস ধরে জামালপুর জেলায় করোনার প্রাদুর্ভাব অনেকটা কমে গেছে। শনাক্ত রোগী কম বললেই চলে। ফলে ল্যাব বন্ধ থাকলেও নমুনা পরীক্ষায় কোনো সমস্যা হচ্ছে না। জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শ্যামল কুমার সাহা বলেন, ল্যাবের বায়োসেফটি ইউনিটের যন্ত্র বিকল হয়ে গেছে। এ ছাড়া ল্যাবে অন্য কোনো সমস্যা নেই।
তিনি বলেন, ‘ল্যাব বন্ধ থাকার বিষয়ে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে জানিয়েছি। যন্ত্রপাতি মেরামত করা হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।’
